জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ধানক্ষেত থেকে আশুরা (৩৫) নামে এক তালাকপ্রাপ্ত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের সাঁতার গুচ্ছগ্রাম সংলগ্ন আটিদাশা মুনজার এলাকায় সিরাজুল ইসলামের জমির ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত আশুরা একই গ্রামের মোফাজ্জল ওরফে মফের ছেলে বাবলুর তালাকপ্রাপ্ত স্ত্রী। জানা গেছে, বাবলুর তিনজন স্ত্রী ছিল, যার মধ্যে আশুরা ছিলেন তৃতীয়। ডিভোর্সের পর আশুরা নারী ও শিশু নির্যাতন দমন এবং যৌতুক আইনে একটি মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বাবলু তার তালাকপ্রাপ্ত স্ত্রী আশুরাকে নিয়ে দিনভর বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন। স্থানীয় বাজারেও তাদের একসঙ্গে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ওই দিন সন্ধ্যায় বাড়ির পাশেই ধানক্ষেতে তাকে হত্যা করা হয়।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় আশুরার মাথার পেছনে গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একটি স্যান্ডেল, গেঞ্জি ও কাদামাখা লুঙ্গি উদ্ধার করা হয়েছে।
ঘটনার পর থেকেই সন্দেহভাজন বাবলু পলাতক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার অপর দুই স্ত্রীকে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.