মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় তালগাছ থেকে পড়ে মহিবুল্লাহ (৪৫) নামে এক দর্জির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার গাংনী উত্তরপাড়া এলাকায় তার নিজ বাড়ির বাগানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিবুল্লাহ গাংনী উত্তরপাড়া গ্রামের মাওলানা বজলুর রহমানের ছেলে। তিনি পেশায় দর্জি হলেও পাশাপাশি নিজ বাড়ির তালগাছ থেকে তালের রস সংগ্রহ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে তালের রস সংগ্রহের উদ্দেশ্যে মহিবুল্লাহ একটি তালগাছে ওঠেন। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে যান। এ সময় তার হাতে থাকা ছুরিটি বাম উরুতে ঢুকে গিয়ে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
মোল্লাহাটের গাংনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী হাসান জানান, এ বিষয়ে এখনো পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা তথ্য দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

