সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
দুর্নীতি, দখলদারি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ঘুষ খাওয়া আর পায়খানা-মল খাওয়া সমান। অপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না—সে যে দলের লোকই হোক না কেন।”
শনিবার (১১ এপ্রিল) দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলার ঐতিহ্যবাহী আমিনুর রহমান কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী তার বক্তব্যে স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, সরকারি সুবিধা ও ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক পক্ষপাত থাকবে না। “যারা আমাদের ভোট দিয়েছেন তারাও কার্ড পাবেন, যারা দেননি তারাও পাবেন। এই কার্ড হবে প্রতিটি পরিবারের আর্থিক সুরক্ষা,”—বলেন তিনি। পাশাপাশি কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ ও অসহায়দের জন্য ‘স্বাস্থ্য কার্ড’ দ্রুত চালুর আশ্বাস দেন।
প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ছিন্নমূল মানুষকে প্রতিদিন ৫০০ টাকা করে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া খাল ও নদী খনন কর্মসূচির মাধ্যমে কৃষি ও পরিবেশের উন্নয়নের প্রতিশ্রুতি দেন। পরিবেশ রক্ষায় আগামী পাঁচ বছরে সারাদেশে ৫০ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রার কথাও উল্লেখ করেন তিনি।
রাজনৈতিক ভিন্নমত থাকলেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “মতপার্থক্য থাকলেও আমরা সবাই বাংলাদেশি। বিভেদ নয়, আমরা ঐক্য চাই।” শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে বাংলাদেশকে এশিয়ার ‘রোল মডেল’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেও সরকার কাজ করছে বলে জানান তিনি।
আমিনুর রহমান কলেজের গভর্নিং বডির সভাপতি মো. তানভীর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান এবং প্রতিষ্ঠাতা মো. মিজানুর রহমান কাবুল।
অনুষ্ঠান শেষে কলেজের পক্ষ থেকে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.