নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর মহানগরীর গাছা এলাকায় মাদকবিরোধী সচেতনতা জোরদারে ব্যাপক জনসম্পৃক্ততায় এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষক ও পুলিশ সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জোরালো বার্তা দেয়।
শনিবার দুপুরে খাইলকুর বাদশাহ্ মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনের নেতৃত্বে র্যালিটি অনুষ্ঠিত হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা “মাদক ছাড়ো, পরিবার বাঁচাও”, “মাদক ছাড়ো, জীবন গড়ো” এবং “মাদকমুক্ত সমাজ চাই, নিরাপদ বাংলাদেশ চাই”—এমন বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন, যা জনসচেতনতা তৈরিতে দৃষ্টি আকর্ষণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন বাদশাহ্ মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ দেবনাথ, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর হাজারী, ছাত্রদল নেতা ইব্রাহিমসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী ও এলাকাবাসী। কর্মসূচিতে গাছা থানার পুলিশ কর্মকর্তারাও অংশগ্রহণ করেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মো. কামাল হোসেন বলেন, “আমাদের এলাকা মাদকের ভয়াবহ ছোবলে আক্রান্ত। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।” তিনি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান।
এ সময় অধ্যক্ষ প্রদীপ দেবনাথ বলেন, মাদক নির্মূল করা গেলে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ অধিকাংশ অপরাধ উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।
স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে মাদক প্রতিরোধে কার্যকর সামাজিক আন্দোলন গড়ে উঠবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.