হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
যশোরের শার্শা উপজেলার উলাশীতে অবস্থিত ঐতিহাসিক ‘জিয়া খাল’ পুনঃখনন প্রকল্পকে ঘিরে ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই খাল পুনরুদ্ধারের উদ্যোগে এলাকায় নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আগামী ২৭ এপ্রিল প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এমন ঘোষণাকে কেন্দ্র করে চলছে জোর প্রস্তুতি।
এ প্রস্তুতির অংশ হিসেবে শনিবার দুপুরে প্রকল্পের উদ্বোধনস্থল সরেজমিনে পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কাজের অগ্রগতি, সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সমবায় সম্পাদক রবিউল ইসলাম রবি, মৎস্যজীবী সম্পাদক মিন্টু বিশ্বাসসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যরাও দায়িত্ব পালন করছেন। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো অনুষ্ঠান সফল করতে সার্বিক প্রস্তুতি জোরদার করেছে।

