মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ১৫ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার বাবুখালি ইউনিয়নের রায়পুর সুইচগেট এলাকা থেকে বালিদিয়া নিরবিশখালি পর্যন্ত খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, নির্বাচনের আগে এলাকার জনগণের অন্যতম দাবি ছিল খাল খনন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, খালটি খনন সম্পন্ন হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৮৬ লাখ টাকা। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের তত্ত্বাবধানে প্রতিদিন প্রায় ৮৯২ জন শ্রমিক কাজ করবেন।
মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খাঁন রোকনুজ্জামান, মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, সাবেক সাধারণ সম্পাদক ড. রইচ উদ্দীন, সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ বাকী মিয়া ও মো. নজরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. শাহনুর জামান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মো. মতিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়দের মতে, খালটি খনন সম্পন্ন হলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি এলাকার পরিবেশ ও জীবনযাত্রার মানের উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.