মেহেরপুর প্রতিনিধি
পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি (এমপি) বলেছেন, দীর্ঘদিন খাল খনন না হওয়ায় সেচব্যবস্থায় ঘাটতি সৃষ্টি হয়েছে এবং অনেক এলাকায় জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। এ অবস্থার উত্তরণে সরকার খাল পুনঃখনন কর্মসূচি হাতে নিয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি বলিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, এই কর্মসূচির মাধ্যমে কৃষিব্যবস্থা পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি এবং দখল হয়ে যাওয়া খাল উদ্ধার করা হবে। খাল দখলকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথাও জানান তিনি। তিনি আরও বলেন, খনন কাজে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
তিনি জানান, স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে খাল খনন কর্মসূচিকে পুনরুজ্জীবিত করা হয়েছে। আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে। খাল খননের পাশাপাশি এর পাড়ে ব্যাপক বৃক্ষরোপণ করা হবে, যা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখবে। এ কর্মসূচির মাধ্যমে নারী-পুরুষ উভয়ের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাও. মো. তাজউদ্দীন খান, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ ও আমজাদ হোসেন, এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. সাজাহান সিরাজ, কুষ্টিয়া পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাহেদুল ইসলাম এবং জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী নাইম কামালসহ অন্যান্য কর্মকর্তারা।
২৪ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে ১ হাজার ১০০ মিটার জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। উল্লেখ্য, ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেহেরপুরে খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন। সেই ঐতিহাসিক উদ্যোগের ৪৮ বছর পূর্তিতে পুনরায় এ কর্মসূচি শুরু করা হলো।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.