নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জামিনে কারামুক্ত হয়েছেন। রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন।
কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল ৪টার দিকে তার জামিনসংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছায়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর স্বজনরা তাকে কারাগার থেকে নিয়ে যান।
এর আগে, একইদিনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন। শুনানিকালে তাকে আদালতে সশরীরে হাজির করা হয়নি; তার পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন উপস্থাপন করেন।
আদালত সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর লালবাগ এলাকায় সংঘটিত সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ২০২৪ সালে সংঘটিত ওই আন্দোলনের সময় হত্যাচেষ্টাসহ বিভিন্ন গুরুতর অভিযোগে তাকে আসামি করা হয়েছিল।
এর আগে গত মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতে হাজির করা হলে পুলিশ রিমান্ডের আবেদন করে এবং আসামিপক্ষ জামিনের আবেদন জানায়। তবে সেদিন আদালত উভয় আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.