নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ১১ দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি মাদরাসার হিফজ বিভাগের ছাত্র সামিয়াত আরাফাত তন্ময়ের (১৩)। সন্তানের কোনো খোঁজ না পেয়ে চরম উৎকণ্ঠা ও হতাশায় দিন কাটাচ্ছে তার পরিবার।
নিখোঁজ তন্ময় উপজেলার গনিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছলিম উদ্দিন ভূঁইয়া বাড়ির মনোয়ার হোসেন মনুর ছেলে। তিনি গনিপুর জামিয়া ইসলামীয়া মাহমুদিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল বিকেলে মাদরাসা থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ রয়েছে তন্ময়। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। ছেলের খোঁজ না পেয়ে তার মা শোকে ভেঙে পড়েছেন এবং প্রায় খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছে পরিবার।
এ ঘটনায় গত ৫ এপ্রিল বেগমগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তন্ময়ের বাবা।
মাদরাসার অধ্যক্ষ মুফতি আফসারুল ইসলাম জানান, ঘটনার দিন আসরের নামাজের সময় তন্ময় ও তার এক সহপাঠী—কুমিল্লার সাইফুল ইসলাম—সবার অগোচরে মাদরাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাদের কারোই আর খোঁজ পাওয়া যায়নি।
এদিকে, কোনো সহৃদয় ব্যক্তি তন্ময়ের সন্ধান দিতে পারলে পরিবার পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। যোগাযোগের নম্বর: ০১৮৯৭১৫৪২৩২, ০১৮৮৪০২৬০১৩।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, “জিডির বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.