নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানার একটি আলোচিত হত্যা মামলার প্রায় তিন বছর পর অবশেষে মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত প্রধান আসামি শাওন মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৩ মে সন্ধ্যায় মাসুদ রানা কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে পথরোধ করে শাওন মিয়াসহ কয়েকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তিনি মারা যান।
মৃত্যুর আগে গুরুতর আহত অবস্থায় মাসুদ রানা হামলাকারীদের নাম উল্লেখ করেন, যার একটি অংশ ভিডিওতে ধারণ করা হয়। পরবর্তীতে ময়নাতদন্ত শেষে পরিবারের পক্ষ থেকে জিএমপি সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
দীর্ঘ প্রায় ২ বছর ১০ মাস তদন্তের পর পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনায় মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়। এরপর পিবিআই গাজীপুর জেলার একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের মীরসরাই উপজেলার ওয়াহেদপুর এলাকা থেকে গত ১২ এপ্রিল শাওন মিয়াকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে শাওন মিয়া জানান, সামান্য ২০০ টাকার লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার দিন কথা কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি ও ছুরিকাঘাতের ঘটনায় তিনি মাসুদের কাছ থেকে ছুরি কেড়ে নিয়ে তাকে আঘাত করে পালিয়ে যান।
গ্রেফতারকৃত আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি জানিয়েছেন।
পিবিআইয়ের অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের তত্ত্বাবধান এবং পিবিআই গাজীপুরের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদের দিকনির্দেশনায় মামলাটির তদন্ত পরিচালিত হয়।
দীর্ঘদিনের এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.