উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় বৈদ্যর দোকান এলাকা থেকে শান্তিবাগ মসজিদ ইউনিব্লক সড়কের কেটি মঞ্জিল হয়ে সামসুলের বাড়ি পর্যন্ত প্রায় ৬১৫ মিটার দীর্ঘ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম।
প্রায় ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পটি এলাকার গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌরসভার প্রশাসক দীপংকর বর্মন।
এছাড়াও উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ হুমায়ুন কবীর, সহকারী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান এবং উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান।
এ সময় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, ড্রেন নির্মাণ কাজটি সম্পন্ন হলে দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা নিরসন হবে এবং স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

