সিলেট প্রতিনিধি
আসন্ন সংরক্ষিত নারী আসনের নির্বাচন ঘিরে সিলেট বিভাগের রাজনৈতিক অঙ্গন সরব হয়ে উঠেছে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করতে নানামুখী তৎপরতা শুরু করেছে। একই সঙ্গে সিলেট বিভাগের বিএনপি নারী নেত্রীরাও মনোনয়ন পেতে সক্রিয় ভূমিকা পালন করছেন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।
দলীয় সূত্রে জানা গেছে, সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের বিপরীতে সংরক্ষিত নারী আসনের সংখ্যা নির্ধারণ প্রক্রিয়া অনুযায়ী এবার সম্ভাব্য ৩টি আসন বরাদ্দ থাকতে পারে। এই আসনগুলোতে বিএনপির মনোনয়ন পেতে ইতোমধ্যে অন্তত এক ডজন নারী নেত্রী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
দলীয় মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড, দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকা ও আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের তথ্য তুলে ধরে কেন্দ্রীয় নীতিনির্ধারকদের কাছে জীবনবৃত্তান্ত পাঠাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন পর্যায়ের প্রভাবশালী নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন বলে জানা গেছে।
মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন— সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব আবুল হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার, সাবেক সংসদ সদস্য প্রয়াত ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার মেয়ে সৈয়দা আদিবা হোসেন, প্রয়াত যুক্তরাজ্য বিএনপি নেতা কমর উদ্দিনের মেয়ে ছাবিনা খান, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মুন্নী খানম, জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ, জেলা মহিলা দলের নেত্রী তাহসিন শারমিন তামান্না, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুমসহ আরও অনেকে।
দলীয় নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং আন্দোলনে ভূমিকার ভিত্তিতে শেষ পর্যন্ত মনোনয়ন চূড়ান্ত করা হবে। তবে সিলেট বিভাগের কারা বিএনপির মনোনয়ন পাচ্ছেন তা এখনো চূড়ান্ত হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.