যশোর প্রতিনিধি
আবহমান বাংলার ঐতিহ্য ধারণ করে সকল বয়সী মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে যশোরে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। এ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে শহরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি সকাল ৮টা ৫০ মিনিটে শহরের ঐতিহাসিক টাউন হল ময়দান থেকে শুরু হয়। এর উদ্বোধন ও নেতৃত্ব দেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। রঙিন ব্যানার, ফেস্টুন, ঘোড়ার গাড়ি এবং বাংলার লোকজ ঐতিহ্যের নানা অনুষঙ্গে সজ্জিত হয়ে প্রায় দেড় সহস্রাধিক মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রাটি টাউন হল ময়দান থেকে বের হয়ে জজ কোর্ট মোড়, দড়াটানা, চিত্রা মোড় ও থানা চৌরাস্তা প্রদক্ষিণ করে। এরপর রেল রোড ও আদ্-দ্বীন হাসপাতাল এলাকা হয়ে মাইকপট্টি মোড় ঘুরে পুনরায় টাউন হল ময়দানে গিয়ে শেষ হয়। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে শত শত মানুষ হাত নেড়ে শোভাযাত্রাকে অভিবাদন জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা এনএসআই কার্যালয়ের যুগ্ম পরিচালক আবু তাহের মো. পারভেজ এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার সভাপতি দীপঙ্কর দাস রতন এবং চারুপীঠ আর্ট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মাহাবুব মাসুদ জামিলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
শোভাযাত্রা শেষে বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। অসাম্প্রদায়িক চেতনা নিয়ে নতুন বছরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় যশোরবাসী স্বতঃস্ফূর্তভাবে এই উৎসবে অংশগ্রহণ করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে পুরো আয়োজন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.