শামসুল হক ভূঁইয়া, গাজীপুর
গাজীপুরের টঙ্গীতে বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর গাড়িবহরের সামনে মানবপ্রাচীর গড়ে তোলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে টাঙ্গাইলগামী পথে এ ঘটনা ঘটে।
সকাল থেকেই টঙ্গীর বিআরটি প্রকল্পের উড়াল সড়কের স্টেশন রোড এলাকাসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন। সকাল প্রায় পৌনে ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর সেখানে পৌঁছালে নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন।
একপর্যায়ে তারা গাড়িবহরের গতি কমিয়ে সামনে মানবপ্রাচীর তৈরি করে নূরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবি জানান। এ সময় পুরো এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
বিক্ষোভে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাসান উদ্দিন সরকার। তিনি বলেন, “নূরুল ইসলাম সরকার দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে কারাবন্দী। আমরা তার অবিলম্বে মুক্তি দাবি করছি।”
ঘটনাস্থলে নূরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহনূর ইসলাম রনিসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, প্রধানমন্ত্রীর টাঙ্গাইল সফরকে কেন্দ্র করে সকাল থেকেই গাজীপুর এলাকায় বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মহাসড়কের টাঙ্গাইলমুখী পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। প্রধানমন্ত্রীর গাড়িবহরের একটি বিশেষায়িত বাসে বসে তিনি হাত নেড়ে উপস্থিতদের অভিবাদনের জবাব দেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে টঙ্গীর নোয়াগাঁও স্কুল মাঠে আওয়ামী লীগের তৎকালীন সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় নূরুল ইসলাম সরকারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে হাইকোর্টে আপিলের পর কয়েকজনের সাজা পরিবর্তন হলেও মামলাটি বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.