রুয়েট প্রতিনিধি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে গাঁজাসহ এক বহিরাগত যুবককে আটক করা হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুরকৌশল ভবনের সামনে পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, দায়িত্বরত আনসার সদস্য ইমরান সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তার কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে গাঁজা পাওয়া গেলে তাকে আটক করার চেষ্টা করা হয়। এতে অভিযুক্ত যুবক আনসার সদস্যের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে।
পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান আবুল হাশেম ঘটনাস্থলে পৌঁছান। তার নেতৃত্বে আনসার প্লাটুন কমান্ডার শাহীন ও অ্যাসিস্ট্যান্ট প্লাটুন কমান্ডার মিনহাজসহ অন্যান্য সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে ওই বহিরাগত যুবককে আটক করেন।
অধিকতর জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির নাম রাতুল (১৯) বলে জানা গেছে। তার পিতার নাম রায়হান শরীফ রবিন। তার বাড়ি নগরীর নর্দার্ন মোড় এলাকায়।
এ বিষয়ে নিরাপত্তা শাখার প্রধান আবুল হাশেম বলেন, “ক্যাম্পাসে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে আমরা সর্বদা সতর্ক থাকি। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”
এ ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা ও আনসার সদস্যদের তৎপরতা প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.