আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৭টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আমতলী উপজেলার উত্তর সোনাখালী গ্রামের মিরাজুল ইসলাম শাওন (২০) এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মাইঠভাঙ্গা গ্রামের ব্যবসায়ী বেল্লাল মুসুল্লী (৩৫)। বেল্লাল মুসুল্লীর পিতার নাম হাসেম মুসুল্লী এবং শাওনের পিতার নাম গাজী শাহজাদা।
জানা গেছে, চারজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা মহিষকাটা থেকে আমতলীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে আমতলী ফায়ার সার্ভিসের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা শাওন, অটোচালক ফাহাদ (২১), জসিম সিকদার (৪৫), তুহিন (২২) ও বেল্লাল গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার মেডিকেল অফিসার ডা. পপি হালদার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে শাওন ও বেল্লাল মারা যান।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পপি হালদার জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
এদিকে, ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা বাদুরা বাজার এলাকা থেকে আটক করে। আমতলী থানার ওসি (তদন্ত) মো. সাইদুল ইসলাম জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.