ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় চড়খালি কাটাখাল ও ভারানীর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি)’ প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ৭৭ লাখ ২৮ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে এ পুনঃখনন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, নদী-নালা ও খাল পুনরুদ্ধার বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক উদ্যোগ। এর মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, সঠিক পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
তিনি জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বৃহৎ কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি প্রবাহ স্বাভাবিক হবে, জলাবদ্ধতা অনেকাংশে হ্রাস পাবে এবং কৃষি ও মৎস্য খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান, ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ (মোল্লা জোমাদ্দার), পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মন্নান হাওলাদার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.