নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ অভিযানে প্রায় ৯ হাজার লিটার অবৈধভাবে মজুদ করা ডিজেল উদ্ধার করা হয়েছে। এ সময় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জরিমানাও আদায় করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার প্রথম প্রহর পর্যন্ত (রাত ১২টা থেকে ২টা) পলাশ উপজেলার জিনারদি মূলপাড়া এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ ও অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর একটি দল উপস্থিত ছিল।
অভিযান চলাকালে একটি স্থানে বেআইনিভাবে মজুদ রাখা প্রায় ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডিজেল তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করা হয় এবং মাধবদীর ভাগিরথপুর এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশনের নিকট সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। এতে মোট ৮ লাখ ৬৭ হাজার ৫১০ টাকা আদায় হয়, যা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় পরবর্তী কার্যদিবসে তা জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারা অনুযায়ী সংশ্লিষ্টদের মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.