ফরিদপুর প্রতিনিধি
সারা দেশে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিতে ফরিদপুরে শুরু হতে যাচ্ছে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬। আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত জেলাজুড়ে এই ক্যাম্পেইন পরিচালিত হবে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, এ কর্মসূচির আওতায় জেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ২ লাখ ৩৯ হাজার ৭৫৫ জন শিশুকে বিনামূল্যে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।
তিনি আরও জানান, ফরিদপুর জেলার ৯টি উপজেলা ও পৌরসভায় মোট ২ হাজার ৬৯৩টি কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। এর মধ্যে ১ হাজার ৯৩১টি শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কেন্দ্র এবং ৭৩৮টি স্থায়ী ইপিআই কেন্দ্র রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নিয়মিত ইপিআই কর্মসূচির আওতায় ৯ মাস ও ১৫ মাস বয়সে টিকা গ্রহণ করলেও এই ক্যাম্পেইনে লক্ষ্যভুক্ত প্রতিটি শিশুকে অতিরিক্ত একটি ডোজ টিকা নিতে হবে। তবে দুই ডোজের মধ্যে কমপক্ষে ২৮ দিনের ব্যবধান থাকতে হবে। এই অতিরিক্ত ডোজ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে।
ক্যাম্পেইন সফল করতে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। মসজিদসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি দপ্তরে ইতোমধ্যে পত্র প্রেরণ করা হয়েছে।
সিভিল সার্জন বলেন, “হাম-রুবেলা মুক্ত বাংলাদেশ গড়তে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে এবং কোনো অপপ্রচারে অভিভাবকরা বিভ্রান্ত না হন, সে বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন।”
সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.