চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ বলেছেন, "বিগত আ.লীগ সরকার এবং অন্তর্বর্তী সরকার দেশকে ভঙুর অবস্থায় রেখে গেছে।
এখন যেদিকে হাত দেই, সেদিকেই শুধু নাই আর নাই। দক্ষিণ জেলার মধ্যে সবচেয়ে অবহেলিত চন্দনাইশ উপজেলা। অন্যান্য উপজেলায় পাকা রাস্তা ৭৪ শতাংশ আর চন্দনাইশ উপজেলায় পাকা রাস্তা ৩৪ শতাংশ। চন্দনাইশ উপজেলা অনেক পিছিয়ে রয়েছে।
চট্টগ্রাম-১৪ আসনকে আধুনিকায়নের মাধ্যমে সুশাসন কায়েম করাই আমাদের কাজ। এলাকার উন্নয়নের জন্য ইতিমধ্যে ৫০ কোটি টাকার প্রকল্প দেয়া হয়েছে। এলাকার উন্নয়নের জন্য প্রয়োজনে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় গিয়ে মৌলিক চাহিদা পূরণে কাজ করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এলাকাভিত্তিক ৩২ জনের কমিটি গঠন করে এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।"
তিনি আরো বলেন, "বিএনপি সরকার মানবিক ও জনগণের সরকার। আমরা মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমানের টিমের সদস্য হিসেবে কাজ করে যাচ্ছি। দোহাজারীতে শঙ্খ নদীর ওপর চৌকিদার ফাঁড়ি সেতু নির্মাণ খুবই প্রয়োজন।
এজন্য ডিও লেটার দিয়ে মন্ত্রীর নিকট প্রেরণ করা হয়েছে। এ সেতুটি নির্মাণে দেড়শ থেকে দুই’শ কোটি টাকা প্রয়োজন। একনেকে পাশ হলে সেতুটির কাজ শুরু হবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক মাদককে জিরো টলারেন্সে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই।
বিগত সময়ে যারা মামলার স্বীকার হয়েছেন তাদেরকে পুলিশ হয়রানি করবে না এবং মামলাগুলো প্রত্যাহার প্রক্রিয়াধীন রয়েছে।"
শনিবার (১৮ এপ্রিল) চন্দনাইশ উপজেলার দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী সংসদ অধিবেশনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার জন্য বক্তব্য রাখবেন বলে জানান তিনি। সাতকানিয়ার ৬ ইউনিয়নে আরো একটি হাসপাতাল নির্মাণ এবং কেরানীহাট ও দোহাজারীর মধ্যবর্তী স্থানে ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মাণ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
দোহাজারী নাগরিক কমিটির সভাপতি মো. আলী আকবর’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন জনি'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক ভি.সি প্রফেসর ড. সরোজ সিংহ হাজারী, গণফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য্য, সমাজসেবক আলহাজ্ব শামসুদ্দিন সওদাগর, ইসলামী ফ্রন্ট প্রেসিডিয়াম সদস্য মুফতি আহমদ হোসাইন আলকাদেরী, বিএনপি নেতা এম.এ হাশেম রাজু, সিরাজুল ইসলাম সওদাগর, আকম মোজাম্মেল হক, দক্ষিণ জেলা যুবদল নেতা মাসুদুর রহমান, সাবেক ছাত্রদল নেতা মোরশেদুল আলম, দোহাজারী পৌরসভা যুবদল আহবায়ক ইফতিয়ার উদ্দিন সুমন, চন্দনাইশ পৌরসভা বিএনপি নেতা সেলিম উদ্দিন, যুবদল নেতা শহিদুল ইসলাম, মাহফুজুর রহমান।
অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন- আলী আজম খান, ড.এস.এম আবু জাকের, আবদুল নবী খান, দোহাজারী পৌরসভার সাবেক মেয়র লোকমান হাকিম, প্রধান শিক্ষক বিষ্ণুযশা চক্রবর্তী, জয়নুল আলম, বাহাদুর ইসলাম, আবদুল গফুর রব্বানী, আরিফুল ইসলাম সুমন, কলিম উদ্দিন, লোকমান হাকিম নিরব, মুহিম বাদশা, কায়সার হামিদ, এসএম ওয়াহিদ রনি, ওয়াসিম, জাবের বিন রহমান আরজু প্রমুখ।
অনুষ্ঠানে আগামী দিনে দোহাজারী পৌরসভাকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে উন্নয়নমূলক পরিকল্পনা তুলে ধরা হয়। দোহাজারীর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে দল-মত, ধর্ম-বর্ণ, নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহবান জানান। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, ইতিহাস ঐতিহ্য তুলে প্রমাণ্য চিত্র প্রদর্শনী, দেশীয় সংস্কৃতির আলোকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.