চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
১৯ এপ্রিল থেকে বিশেষ টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্য চট্টগ্রামের চন্দনাইশে হাম-রুবেলা প্রতিরোধে এমআর টিকাদান ক্যাম্পেইন সফলের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭এপ্রিল) সকালে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে টিকাদান কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সাংবাদিক, শিক্ষক, সমাজ-কর্মী সহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।
মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা.দীপন দেবনাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ইলিয়াছ খান, সমাজ সেবা কর্মকর্তা রাসেল চৌধুরী। উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক তরুণ কুমার, ইপি আই মোহাম্মদ আলী, পরিসংখ্যানবিদ মোঃ আহসান হাবিব প্রমুখ।
সভায় জানানো হয়, দেশের বিভিন্ন স্থানে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামী সোমবার (২০ এপ্রিল) থেকে দেশব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এর অংশ হিসেবে চন্দনাইশে ৪৩৮ টি টিকাদান কেন্দ্রে তিন সপ্তাহব্যাপী (১১ কর্মদিবস) কার্যক্রম পরিচালিত হবে।
এতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ৩২ হাজার ২০০ শিশুকে হামের বিশেষ টিকা প্রদান করা হবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে গিয়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা গ্রহণের জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে গুজব ও অপপ্রচার রোধে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, জাতীয় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত সমন্বিত উদ্যোগ এবং শিক্ষক, ধর্মীয় নেতা ও কমিউনিটির অংশগ্রহণ নিশ্চিত করা গেলে এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে। পাশাপাশি পারস্পরিক যোগাযোগের মাধ্যমে টিকাদান বার্তা ছড়িয়ে দিয়ে শতভাগ শিশুদের আওতায় আনার ওপর জোর দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.