শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জে একটি ফিলিং স্টেশনে ড্রামে করে জ্বালানি তেল বিক্রির ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাম্প মালিকের ভাতিজাসহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার কাশিমপুর এলাকার মেসার্স ফারিয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিক জাহিদ হাসান টিপু (দৈনিক ইনকিলাব, ভেদরগঞ্জ প্রতিনিধি) এবং লাঞ্চিত হন আশিকুর রহমান হৃদয় (দৈনিক সমকাল, ভেদরগঞ্জ প্রতিনিধি)। ঘটনার পর সন্ধ্যায় সখিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী টিপু।
সাংবাদিক ও পুলিশ সূত্রে জানা যায়, ওই ফিলিং স্টেশনে অপেক্ষমাণ যানবাহনকে তেল না দিয়ে ড্রামে করে অকটেন বিক্রি করা হচ্ছিল—এমন অভিযোগের ভিত্তিতে সেখানে যান দুই সাংবাদিক। তারা ভিডিও ধারণ শুরু করলে পাম্প মালিক ফারুক মাদবর ও তার ভাতিজা জামান মাদবরসহ কয়েকজন ক্ষিপ্ত হয়ে জাহিদ হাসান টিপুর ওপর হামলা চালায়। তাকে রক্ষা করতে গেলে আশিকুর রহমান হৃদয়কেও লাঞ্চিত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ভুক্তভোগী সাংবাদিক জাহিদ হাসান টিপু বলেন, “ড্রামে করে তেল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগ পেয়ে আমরা সেখানে যাই। ভিডিও ধারণ করতে গেলে আমাদের সঙ্গে খারাপ আচরণ করা হয় এবং একপর্যায়ে হামলা চালানো হয়।”
অন্যদিকে আশিকুর রহমান হৃদয় বলেন, “পাম্প মালিক তেলগুলো প্রশাসনের জন্য বলে দাবি করেন, তবে কোন দপ্তরের জন্য তা বলতে পারেননি। বিষয়টি ধারণ করতে গেলে আমাদের ওপর হামলা করা হয়।”
এ ঘটনায় নিন্দা জানিয়ে ভেদরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল বাসার বলেন, “সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
একই দাবি জানিয়েছেন শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব নুরুল আমিন রবিন।
অভিযোগের বিষয়ে ফিলিং স্টেশনের মালিক ফারুক মাদবর বলেন, “অনেক সময় প্রশাসনের জন্য ড্রামে তেল দিতে হয়। ঘটনার সময় আমার ভাতিজা বাইরে ঝামেলা করেছে, যা ভুল হয়েছে। আমি এ জন্য দুঃখিত।”
সখিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ ফরিদ উদ্দিন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.