সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া এলাকায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে বারুইপাড়া এলাকার কার্তিক দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বারুইপাড়া ইউনিয়নবাসীর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ মান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ সুজাউদ্দিন বিশ্বাস, আব্দুল আজিজ শেখ, হাবিবুর রহমান পাইক, মাজেদা শেখ, নূরনবী গাজী, মাজেদ শেখ, শেখ নুরুল ইসলাম, ওহিদ বিশ্বাস, মনোয়ারা বেগম, ফরিদা বেগম, আফরোজা বেগম, রিপা খাতুন, গৌরী দাস, দীপা রানী, সাফিয়া বেগম, অমিত কুমার পাল ও প্রসাদ কুমার পাল প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা তাহের মল্লিকের নেতৃত্বে এলাকায় সন্ত্রাস, দখলবাজি ও নানা অনিয়মের রাজত্ব কায়েম করা হয়েছিল। রাজনৈতিক প্রতিহিংসার কারণে নিরীহ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হয়েছে এবং অনেককে ভয়ভীতি দেখিয়ে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে বলেও তারা দাবি করেন।
তারা আরও বলেন, ওই সময়ে হিন্দু-মুসলিম নির্বিশেষে সব শ্রেণির মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। বাড়িঘর ভাঙচুর, লুটপাট, মাছের ঘের দখল ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ তোলেন বক্তারা। প্রতিবাদ করলেই হামলা, মারধর ও সম্পদ নষ্ট করার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তারা।
বক্তারা বলেন, বর্তমানে একই চক্র আবারও সক্রিয় হয়ে অপপ্রচার চালাচ্ছে এবং সুজাউদ্দিন বিশ্বাস ও জাহান আলী বিশ্বাসসহ বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি অব্যাহত রেখেছে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার, অপপ্রচার বন্ধ এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে তাহের মল্লিকের শাস্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.