নরসিংদী প্রতিনিধি
সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে নরসিংদী জেলায় শুরু হয়েছে বিশেষ হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি। সোমবার (২০ এপ্রিল) থেকে জেলার ১,৭৩৬টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ মে পর্যন্ত।
জেলা সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবীরের সভাপতিত্বে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শিউলি রহমান তিন্নী।
এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমনসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উদ্বোধন শেষে কেক কেটে অতিথিরা কর্মসূচির শুভ সূচনা করেন এবং নির্ধারিত কেন্দ্রগুলোতে শিশুদের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় জেলায় প্রায় ৩ লাখ শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হবে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের নির্ধারিত সময়ে নিকটস্থ টিকাকেন্দ্রে নিয়ে গিয়ে অতিরিক্ত একটি এমআর ভ্যাকসিন দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, সাম্প্রতিক সময়ে হাম রোগের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষায় এই বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সবার সহযোগিতায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.