জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের সদস্যসহ অন্তত ৪ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের করিমপুর শেখপাড়া গ্রামে নজরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মৃত শেখ মোয়াজ্জিম হোসেনের ছেলে শেখ জাকির হোসেন, শেখ জুলফিকার ও শেখ দোয়েলের সঙ্গে নজরুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে রোববার সন্ধ্যায় নজরুল ইসলামের নতুন বাড়ির পাশে সেফটি ট্যাংক খননের কাজ চলাকালে প্রতিপক্ষের লোকজন এসে শ্রমিকদের কাজে বাধা দেয় এবং হুমকি প্রদান করে। একপর্যায়ে কথাকাটাকাটি থেকে সংঘর্ষে রূপ নেয়।
এসময় শ্রমিক মো. আপেলকে মারধর করা হয়। পরে নজরুল ইসলামের ছেলে নাছির শেখ ঘটনাস্থলে এলে তাকেও কোদাল দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সোমবার তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, বিকেলে সেফটিক ট্যাংকের কাজ চলাকালে শ্রমিকদের সঙ্গে অভিযুক্তদের বাকবিতণ্ডা হয়, যা পরে মারামারিতে রূপ নেয়।
ভুক্তভোগী নজরুল ইসলাম বলেন, জমিজমা বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে এবং তার ছেলেকে গুরুতরভাবে আহত করা হয়েছে।
অন্যদিকে অভিযুক্ত শেখ জাকির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না এবং এসব অভিযোগ ভিত্তিহীন।
এ বিষয়ে কালাই থানার ডিউটি অফিসার মো. আতোয়ার হোসেন জানান, মারামারির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.