নোয়াখালী প্রতিনিধি
সৌদি আরবের নাজরান শহরে সড়ক দুর্ঘটনায় নুর করিম ফরহাদ (৪৫) নামে নোয়াখালীর এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই প্রবাসী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার মঞ্জু। এর আগে, শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চরবাটা গ্রামের চান্দু সওদাগর বাড়ির চান মিয়ার ছেলে। আহতরা হলেন একই এলাকার মো. জুলেয়ল (২৮) ও মো. হোসেন (৩২)।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান ফরহাদ। সম্প্রতি তিনি নুর হোসেন নামে এক যুবককে সেখানে নিয়ে যান। শনিবার রাতে ওই যুবককে বিমানবন্দরে পৌঁছে দিতে যাওয়ার পথে নাজরান এলাকায় একটি লরির সঙ্গে তাদের বহনকারী গাড়ির সংঘর্ষ হয়। এতে ফরহাদসহ তিনজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন। আহত জুলেয়ল ও হোসেন বর্তমানে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার মঞ্জু জানান, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.