পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সোমবার (২০ এপ্রিল) সকালে সদর উপজেলার শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পিপি আদম সুফি, জেলা যুবদলের সদস্য সচিব নুরুজ্জামান বাবুসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, অভিভাবক এবং শিশুরা।
সভায় জানানো হয়, পঞ্চগড় জেলায় ৯ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ১ লাখ ৩৬ হাজার ৫২৭ জন শিশুকে হাম ও রুবেলা রোগের টিকা প্রদান করা হবে। বন্ধের দিন ব্যতীত আগামী ১০ মে পর্যন্ত এই কর্মসূচি চলবে।
কর্মসূচি সফল করতে জেলায় ১,১০৯টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এতে ১৪৩ জন টিকাদান কর্মী, ২৬৪টি অতিরিক্ত টিম এবং ১৩৮ জন প্রথম সারির পরিদর্শক দায়িত্ব পালন করবেন।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, শিশুদের জীবন রক্ষায় সরকার জাতীয়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। টিকাদান কার্যক্রমে বিরতি থাকায় হাম-রুবেলা দেশের ৫৬টি জেলায় ছড়িয়ে পড়েছে। আক্রান্তদের মধ্যে ৫ বছরের শিশু ৮১ শতাংশ এবং ৯ মাস বয়সী শিশুদের মধ্যে ৩৪ শতাংশ রয়েছে। তবে পঞ্চগড় জেলায় এখনো হাম-রুবেলার কোনো রোগী শনাক্ত হয়নি বলে তিনি উল্লেখ করেন।
তিনি গুজবে কান না দিয়ে অভিভাবকদের শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানান। পরে রঙিন বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.