পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের আতশীপাড়া গ্রামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে পলাশ উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে স্থানীয় সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন হয়। এতে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৫ এপ্রিল স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে পথরোধ করে স্থানীয় অর্জুন বাদশা ও হাফিজুর রহমান জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে পাশের একটি কলাবাগানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় এবং হত্যার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
বক্তারা আরও বলেন, “এ ধরনের ন্যক্কারজনক ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সমাজে এমন অপরাধ বেড়েই চলবে।” তারা অভিযুক্তদের ফাঁসির দাবিতে স্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এলাকাবাসী অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।
উল্লেখ্য, এ ঘটনায় হাফিজুর রহমান নামে একজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ। তবে অপর অভিযুক্তদের এখনো গ্রেপ্তার করা হয়নি বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.