যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলায় একটি সার ও কীটনাশকের দোকান থেকে প্রায় এক হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মজুদকারী ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু।
অভিযুক্ত ব্যবসায়ী পুস্পল কবিরাজ উপজেলার সুন্দলী ইউনিয়নের সুন্দলী গ্রামের অমর কবিরাজের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দলী ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত পুস্পল কবিরাজের দোকানে অভিযান চালানো হয়। এসময় দোকানের ভেতর থেকে প্রায় ৮০০ লিটার ডিজেল ও ২০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০ ধারায় অভিযুক্তকে পাঁচ হাজার টাকা জরিমানা করে এবং জব্দকৃত জ্বালানি তেল বাজেয়াপ্ত করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আশীষ কুমার বসু বলেন, সার ও কীটনাশকের দোকানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় এ জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.