পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশের বন্ধ থাকা পাটকলগুলো ইজারার মাধ্যমে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম।
মঙ্গলবার (২১ এপ্রিল) নরসিংদীর পলাশ উপজেলার কো-অপারেটিভ জুটমিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারি কিংবা বেসরকারি উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে পর্যায়ক্রমে বন্ধ মিলগুলো চালু করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।
তিনি জানান, নরসিংদীর দুটি জুটমিলসহ দেশের বিভিন্ন এলাকায় বন্ধ হয়ে থাকা কারখানাগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশি-বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিত করা হচ্ছে, যাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।
শরীফুল আলম আরও বলেন, বিগত সরকারের সময়ে এসব মিল বন্ধ হয়ে যাওয়ায় অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং কর্মসংস্থান সৃষ্টিতে বদ্ধপরিকর।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজেএমসি)-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার, মুখ্য পরিচালন কর্মকর্তা মামনুর রশিদ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত সিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের পাটশিল্পে নতুন গতি ফিরে আসবে এবং বেকারত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.