ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে চোর সন্দেহে বেলায়েত হোসেন (২৮) ও মোরশেদ আলম (৩০) নামে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইত কান্দি গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের তাঁতি পুকুর সংলগ্ন সড়কের একটি কালভার্টের ওপর ঘুমন্ত অবস্থায় তাদের আটক করা হয়।
আটক বেলায়েত হোসেন ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রাজনগর গ্রামের আবদুল হকের ছেলে এবং মোরশেদ আলম ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা ইউনিয়নের মো. শাহাজাহানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্দেহজনকভাবে কালভার্টের ওপর ঘুমিয়ে থাকতে দেখে স্থানীয়রা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তারা অসংলগ্ন উত্তর দিলে উত্তেজিত জনতা তাদের মারধর করে এবং পরে পুলিশে সোপর্দ করে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুই যুবকের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.