ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মার চর এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা অবস্থায় এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের মুন্সিরচর বাজারে এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া ব্যক্তি হলেন চরহরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কবির খান (৫২)।
পুলিশ জানায়, সন্ত্রাস দমন আইনে কবির খানকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। তাকে আটক করে হাতকড়া পরানোর পরপরই তার অনুসারীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কিল-ঘুষি ও লাঠিসোঁটার আঘাতে পুলিশ সদস্যদের আহত করে এবং তাকে ছিনিয়ে নিয়ে যায়।
আহতরা হলেন— এসআই রফিকুল ইসলাম, এসআই কাজী রিপন, এসআই মোজাম্মেল হক বিশ্বাস, এএসআই সোহেল গাজী ও কনস্টেবল উজ্জ্বল হোসেন। তাদের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম জানান, কবির খানের বিরুদ্ধে একাধিক মামলা ও বিভিন্ন অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে পদ্মা নদী পাড়ি দিয়ে দুর্গম চরাঞ্চলের মুন্সিরচর বাজারে অভিযান চালানো হয়। তাকে আটক করার পর তার চিৎকারে ২০-২৫ জনের একটি লাঠিয়াল দল ঘটনাস্থলে এসে পুলিশের ওপর হামলা চালায় এবং তাকে ছিনিয়ে নিয়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, স্থানীয়দের অভিযোগ, কবির খান দীর্ঘদিন ধরে ভূমি দখলসহ বিভিন্ন অনিয়মে জড়িত এবং নিজস্ব লাঠিয়াল বাহিনীর মাধ্যমে চরাঞ্চলে প্রভাব বিস্তার করে আসছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.