কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কুয়াকাটায় রাখাইন বোচান ও তার ওয়ারিশদের ২১ একর ৬৬ শতক জমি দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাখাইন বোচান।
তিনি জানান, সিএস, আরএস ও এসএ রেকর্ডে তার পূর্বপুরুষদের নামে জমির কাগজপত্র থাকলেও একটি প্রভাবশালী মহল ওই জমিতে বাউন্ডারি দেয়ার কাজ করছে। প্রতিকার চেয়ে কথিত মালিক দাবিদারদের বিরুদ্ধে তিনি ২০২৪ সালের নভেম্বর মাসে পটুয়াখালী যুগ্ম জেলা জজ আদালত ও ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন, যার নম্বর ৪১৭/২০২৪।
বোচান বলেন, লতাচাপলী মৌজার এসএ ৭৫৭ খতিয়ানের বিভিন্ন দাগে জমির অবস্থান। এ মামলায় আব্দুল জব্বার হাওলাদারকে প্রধান করে অন্তত ৮৭ জনকে বিবাদী করা হয়েছে। তার অভিযোগ, বর্তমানে কিছু লোকজন জমির ধরন পরিবর্তনের কাজ করছে।
তিনি এর প্রতিকার দাবি করে বলেন, জমিটির বর্তমান বাজারমূল্য কমপক্ষে ৫০ কোটি টাকা। ৫ আগস্টের পর থেকে তাদের এ বিপুল পরিমাণ জমি বেহাত করার চেষ্টা শুরু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও দাবি করেন, এ ঘটনায় তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। জমি উদ্ধারে মহিপুর থানা পুলিশের সহায়তা চাইলেও পাননি বলে অভিযোগ করেন।
বালিয়াতলীর হাড়িপাড়া রাখাইন পল্লীর বাসিন্দা বোচান তার পূর্বপুরুষদের মালিকানাধীন জমি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.