রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তাহমিনা সুলতানা নীলা।
মঙ্গলবার (২১ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি প্রশাসনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেন এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
পরে তিনি এইচএসসি পরীক্ষার তিনটি কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন নবাগত ইউএনও।
সভায় তিনি বলেন, তেরখাদা উপজেলাকে একটি জনবান্ধব ও কার্যকর প্রশাসনিক ইউনিট হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করাই তার প্রধান লক্ষ্য বলে জানান তিনি। এ ক্ষেত্রে তিনি জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
জানা যায়, ৩০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা এর আগে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সর্বশেষ তিনি খুলনা ওয়াসায় কর্মরত ছিলেন।
নতুন ইউএনওর যোগদানে তেরখাদা উপজেলা প্রশাসনে নতুন গতিশীলতা আসবে বলে আশা করছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.