শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
সকাল হলেই রাস্তার দু’পাশে জড়ো হচ্ছে অসংখ্য মানুষ। এরপর দরদাম ঠিক করে কাজের জন্য বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে তাদের। এভাবেই প্রতিদিন শত শত শ্রমিক বেচাকেনা হচ্ছে বাগেরহাটের চিতলমারী উপজেলার দুর্গাপুর গ্রামের মঠসংলগ্ন সড়কের পাশে গড়ে ওঠা শ্রমিক বিক্রির হাটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বোরো মৌসুমে এলাকায় শ্রমিক সংকট দেখা দেয়। ফলে এ সময় বিভিন্ন স্থান থেকে শ্রমিকরা এখানে কাজের জন্য ছুটে আসেন। সকাল হলেই এসব শ্রমিক উপজেলার দুর্গাপুর গ্রামের মঠসংলগ্ন বাগেরহাট-পাটগাতী প্রধান সড়কের দু’পাশে জড়ো হন। সেখান থেকে দরদাম ঠিক করে মালিকরা তাদের কাজে নিয়ে যান।
বর্তমানে প্রতিদিন একজন শ্রমিক ৯০০ থেকে ১,০০০ টাকায় একদিনের জন্য কাজ করছেন বলে জানা গেছে। এক মণ ধানের মূল্যের চেয়েও বেশি দামে একজন শ্রমিক একদিনের জন্য কাজ করছেন। এসব শ্রমিকদের অধিকাংশ পাশবর্তী উপজেলা কচুয়া, নাজিরপুর, ফকিরহাটসহ নবাবগঞ্জ এবং দেশের বিভিন্ন স্থান থেকে এখানে আসেন। এছাড়া স্থানীয় শ্রমিকরাও এখানে কাজের জন্য যোগ দিচ্ছেন।
বিশেষ করে দ্বিগুণ মজুরির আশায় প্রতি বছর বোরো মৌসুমে ধান কাটার শ্রমিক হিসেবে বাইরের অনেক শ্রমিক এখানে আসেন। এ সময় শ্রমিকদের যেমন চাহিদা থাকে, তেমনি তারা অধিক মজুরিও পান। ফলে দিন দিন শ্রমিক বেচাকেনার এই হাটটি জমজমাট হয়ে উঠছে।
স্থানীয় দুর্গাপুর গ্রামের বাসিন্দা সুদেব সিংহ জানান, প্রতিদিন বাইরে থেকে শত শত শ্রমিক এই হাটে আসছেন। বর্তমানে এলাকায় বোরো ধান কাটা শুরু হওয়ায় শ্রমিকদের চাহিদা বেড়েছে। একজন শ্রমিক ৯০০ থেকে ১,০০০ টাকায় একদিনের জন্য কাজ করছেন। তবে আকাশে মেঘ দেখা দিলে শ্রমিকদের চাহিদা ও মজুরি আরও বেড়ে যায়। কারণ, তখন কৃষকরা দ্রুত ফসল ঘরে তুলতে চান।
তিনি আরও জানান, এই হাট বসার ফলে স্থানীয়দের বাইরে থেকে শ্রমিক আনতে যেতে হয় না, যা একটি সুবিধাজনক দিক।
শ্রম বিক্রির হাটে কাজ করতে আসা নাজিরপুরের দীপক বালা, মঈন শেখসহ অনেকে জানান, বছরের এই সময়টায় তারা উপযুক্ত শ্রমমূল্য পান। আগামী দুই সপ্তাহের মধ্যে অধিকাংশ জমির ধান কাটা শেষ হয়ে যাবে। এরপর শ্রমিকদের এই অতিরিক্ত মজুরি থাকবে না। তাই মৌসুমের এ সময়টায় বেশি আয়ের আশায় বাইরের শ্রমিকরা এখানে কাজ করতে আসেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.