ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা কবির খান (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঢাকা জেলার দোহার উপজেলার হরিচন্ডি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে মঙ্গলবার সকালে চরভদ্রাসনের চর সালেপুর মুন্সিরচর বাজার থেকে কবির খানকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সে সময় তার স্বজন ও অনুসারীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। ঘটনার প্রায় ২৯ ঘণ্টা পর তাকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক খানের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা জেলা পুলিশের সহায়তায় দোহার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত কবির খানের বিরুদ্ধে আগে থেকেই সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা রয়েছে। মঙ্গলবারের ঘটনায় আসামি ছিনতাই ও পুলিশের ওপর হামলার অভিযোগে এসআই রফিকুজ্জামান বাদী হয়ে আরও একটি মামলা করেছেন। বর্তমানে নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
স্থানীয়ভাবে ‘ভূমিদস্যু’ হিসেবে পরিচিত কবির খান চর হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এ ঘটনায় মঙ্গলবারের হামলায় এসআই রফিকুজ্জামানসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। পালিয়ে যাওয়ার সময় কবির খানের ফেলে যাওয়া হাতকড়াটি স্থানীয় গ্রাম পুলিশ উদ্ধার করে থানায় জমা দেয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার ভাগনে আলমগীরকে আগেই গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.