ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত শিশু-কিশোরদের নিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় ভাণ্ডারিয়া পৌর অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান। তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় জানানো হয়, “স্বপ্নের পথে, বিজয়ের সাথে” প্রতিপাদ্যকে সামনে রেখে মোট আটটি ইভেন্টে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ অনুষ্ঠিত হবে। এর মধ্যে দলগত ইভেন্ট হিসেবে ফুটবল, ক্রিকেট ও কাবাডি; দ্বৈত ও একক ইভেন্ট হিসেবে ব্যাডমিন্টন; এবং একক ইভেন্ট হিসেবে দাবা, অ্যাথলেটিকস, সাঁতার ও মার্শাল আর্ট প্রতিযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে।
১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের নিবন্ধন আগামী ২৭ এপ্রিল পর্যন্ত চলবে। নিবন্ধন শেষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই করা হবে। বাছাইয়ে উত্তীর্ণ প্রতিযোগীরা পিরোজপুর জেলা পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ অংশগ্রহণ করবে।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হাওলাদার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় আয়োজন সফল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.