বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোলে একটি মাঠ থেকে ইউনুছ হোসেন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সকালে বেনাপোল পোর্ট থানাধীন হরিণাপোতা গ্রামের একটি মাঠে স্থানীয়রা কাজ করতে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত ইউনুছ হোসেন বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মোস্তাব আলীর ছেলে। তিনি আমদানিকৃত পণ্যবাহী গাড়িতে স্কট হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ইউনুছের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তার ভাই ইউসুফ জানান, স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে এক পর্যায়ে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরে তার সাবেক স্ত্রী তাসলিমা অন্যত্র বিয়ে করলেও প্রায় পাঁচ বছর পর আবার ইউনুছের সংসারে ফিরে আসেন। এ নিয়ে তাদের মধ্যে পুনরায় বিরোধ দেখা দেয়।
ইউসুফ অভিযোগ করেন, “আমার ভাইয়ের মৃত্যুর পেছনে পরিকল্পিত কিছু থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন।”
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর এলাকাবাসীর মধ্যে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অনেকেই এটিকে সন্দেহজনক মৃত্যু হিসেবে দেখছেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”
পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.