রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পৃথক অভিযানে ১৫২ পিস ইয়াবাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গ্রেফতারকৃতরা সম্পর্কে দুই ভাই এবং তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় রাজবাড়ীর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৯টা পর্যন্ত বালিয়াকান্দি থানার আলোকদিয়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে ডিএনসি’র টিম গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বসতঘর ঘেরাও করে অভিযান চালায়।
এসময় মাদক ব্যবসায়ী মো. নাছিরুল বিশ্বাসকে (৪৬) তার নিজ ঘর থেকে আটক করা হয়। দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই গ্রামের অপর মাদক ব্যবসায়ী মো. রসুল বিশ্বাসকে (৪১) তার নিজ ঘর থেকে আটক করা হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক দুই আসামি হলেন—মো. নাছিরুল বিশ্বাস (৪৬) ও মো. রসুল বিশ্বাস (৪১)। তাদের পিতা শুকুর আলী বিশ্বাস। উভয়ের ঠিকানা গ্রাম আলোকদিয়া, থানা বালিয়াকান্দি, জেলা রাজবাড়ী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা কুখ্যাত ও পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বালিয়াকান্দি থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
ডিএনসি রাজবাড়ী কার্যালয় জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.