মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। তিনি বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী মায়েদের পুষ্টি চাহিদা পূরণে সবাইকে সচেতন হতে হবে। তিনি আরও বলেন, পুষ্টি বৈষম্য দূর করতে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে, যার সফল বাস্তবায়নে সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং বলেন, অপুষ্টি শুধু স্বাস্থ্যগত সমস্যা নয়, এটি জাতীয় উন্নয়নেরও অন্তরায়। তিনি সুষম খাদ্য গ্রহণ, মাতৃদুগ্ধ পান নিশ্চিতকরণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী বলেন, প্রাণিজ আমিষ মানুষের পুষ্টির গুরুত্বপূর্ণ উৎস। দুধ, ডিম, মাছ ও মাংসের সহজলভ্যতা বাড়াতে খামারভিত্তিক উৎপাদন বাড়ানো প্রয়োজন। তিনি নিরাপদ ও পুষ্টিকর প্রাণিজ খাদ্য উৎপাদনে খামারিদের উৎসাহিত করার আহ্বান জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষির বহুমুখীকরণ জরুরি। তিনি বাড়ির আঙিনায় সবজি চাষ, ফলের বাগান এবং বিষমুক্ত খাদ্য উৎপাদনের ওপর গুরুত্ব দেন।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাতেম আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিউটন সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডা. রায়হান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, মেডিকেল অফিসার ডা. মোসাব্বির হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুধান কুমার রায়, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, এটিও মারজান খানম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যানবিদ আবু তাহের।
বক্তারা পুষ্টি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ, সবল ও কর্মক্ষম জাতি গঠনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মোল্লাহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.