একে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক জেলার সার্বিক উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সক্রিয় সহযোগিতা ও বস্তুনিষ্ঠ পরামর্শ কামনা করেন। তিনি বলেন, "সুনামগঞ্জের উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে হাওরের টেকসই ফসল রক্ষা বাঁধ নির্মাণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই প্রশাসনের প্রধান লক্ষ্য।
হাওর অঞ্চলের অনিয়ম রোধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণ বন্ধ করতে হবে এবং সরকারি বরাদ্দের প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সাংবাদিকদের তথ্যভিত্তিক সহযোগিতা অনিয়ম প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম চন্দ্র বনিকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা আক্তারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শেরগুল আহমেদ, বিজন সেন রায়, রওনক বখত্, লতিফুর রহমান রাজু, পঙ্কজ দে, মাহতাবউদ্দিন তালুকদার, মো. সেলিম আহমদ প্রমুখ।
সাংবাদিকরা জেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেন এবং জনবান্ধব প্রশাসন গড়তে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.