জামালপুর প্রতিনিধি
জামালপুরে ‘গুপ্ত’ রাজনীতির বিরুদ্ধে সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে দেয়াললিখন কর্মসূচি পালন করেছে আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও ক্যাম্পাসের রাস্তার পাশে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রশাসনিক ভবন, যুব রেড ক্রিসেন্ট ইউনিট ভবন, শহীদ মিনারসহ বিভিন্ন স্থাপনার দেয়ালে ‘গুপ্ত’ রাজনীতি বন্ধ চাই, ‘গুপ্ত’ যাদের অবস্থান, বাড়ি তাদের পাকিস্তান, ঘরে ঘরে খবর পাঠা, ‘গুপ্ত’ জাতির লেজ কাটাসহ বিভিন্ন স্লোগান লেখা হয়।
ছাত্রদলের নেতারা বলেন, কিছু সংগঠনের কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে মিশে বিভিন্ন ধরনের অপকর্ম করছে, যা শিক্ষাঙ্গনের পরিবেশ ও ছাত্র রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। এ ধরনের ‘গুপ্ত’ রাজনীতিকে প্রতিহত করতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে তারা জানান।
সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব এস. এম তালাল আল-কামা বায়েজিদ বলেন, কলেজের নাম ও লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পেইজ পরিচালনা করা হচ্ছে, যেগুলো থেকে বিভিন্ন রাজনৈতিক পোস্টের মাধ্যমে ছাত্র রাজনীতির সুনাম নষ্ট করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক বার্তা দিতেই দেয়াললিখন করা হয়েছে।
জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল বলেন, একটি ‘গুপ্ত’ সংগঠন দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করছে, যা ছাত্র রাজনীতির জন্য ক্ষতিকর। এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ বিষয়ে সংশ্লিষ্টদের মন্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.