যশোর প্রতিনিধি
ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট পরিচালনা পর্ষদের ত্রি-বার্ষিক নির্বাচন আজ শুক্রবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে। শহরের ঐতিহাসিক টাউন হল চত্বরে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ভোট শেষে আজই গণনা করে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ।
এবারের নির্বাচনে ২০টি পদের বিপরীতে দুই প্যানেলের ৪০ জন এবং ২ জন স্বতন্ত্রসহ মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইনস্টিটিউটের মোট ভোটার সংখ্যা ৩,০২৯ জন, যার মধ্যে জীবন সদস্য রয়েছেন ১,৮৭৯ জন।
নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্ত পর্যন্ত ছিল ব্যাপক প্রচারণা। বৃহস্পতিবার দিনভর প্রার্থীরা পরিচিতি লিফলেট নিয়ে শহরের বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গণসংযোগ করেন। পাশাপাশি মোবাইল এসএমএস, ভয়েস মেসেজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলে প্রচার-প্রচারণা।
প্যানেল ও প্রার্থী পরিচিতি
‘সংস্কার ও উন্নয়ন সমিতি’ (ব্যালট নং ১-২০) প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন এ.জেড.এম সালেক (স্বপন) ও কাসেদুজ্জামান সেলিম। অন্যদিকে ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’ (ব্যালট নং ২১-৪০) প্যানেলের নেতৃত্বে রয়েছেন আনিসুজ্জামান পিন্টু ও তরিকুল ইসলাম। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নুরুন্নবী ও মাহবুবুর রহমান।
সংস্কার ও উন্নয়ন সমিতির প্যানেল লিডার এ.জেড.এম সালেক স্বপন বলেন, “সংস্কার ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ভোটাররা যোগ্য প্রার্থীদের নির্বাচিত করবেন বলে আশা করছি।”
অন্যদিকে পরিবর্তন ও উন্নয়ন পরিষদের প্যানেল লিডার আনিসুজ্জামান পিন্টু বলেন, “দীর্ঘদিন পর ইনস্টিটিউটে ভোট হচ্ছে। আমরা সদস্যদের ভোটাধিকার নিশ্চিত করেছি এবং ইতিবাচক সাড়া পাচ্ছি।”
স্বতন্ত্র প্রার্থীরাও প্যানেল প্রথার বাইরে গিয়ে ভোটারদের সমর্থন কামনা করেছেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও যশোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ৩টি কেন্দ্রে ৪৫টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটারদের জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনার জন্য অনুরোধ করা হয়েছে।
উৎসবমুখর পরিবেশে আজকের এই নির্বাচন ঘিরে যশোরবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.