নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
পবিত্র কুরআন শরীফ হাতে নিয়ে নিজেকে নির্দোষ দাবি করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে বিচার চেয়েছেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা শফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে মহানগরের দিঘীরচালা এলাকায় এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম অভিযোগ করেন, গাজীপুর সিটি কর্পোরেশন থেকে সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি বৈধভাবে ইজারাদার নিযুক্ত হন। এরপর চান্দনা চৌরাস্তা কাঁচাবাজার থেকে নিয়ম অনুযায়ী খাজনা আদায় করে আসছেন। তবে সম্প্রতি “সত্যের সন্ধানে বিএনপি” নামের একটি ফেসবুক পেজ থেকে তাকে চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করে মিথ্যা ও মনগড়া তথ্য প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এ লক্ষ্যে জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল পরিকল্পিতভাবে তাকে ও তার দলকে হেয় প্রতিপন্ন করতে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন।
পবিত্র কুরআন শরীফ হাতে নিয়ে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “আমি এই পবিত্র কুরআন ছুঁয়ে বলছি, আমি চাঁদাবাজ নই।” এ সময় অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.