শামসুল হক ভূঁইয়া, গাজীপুর
যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) আবারও দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছে। এশিয়ার মধ্যে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৪০১-৫০০তম।
গত বৃহস্পতিবার প্রকাশিত এ র্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয় তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে ১৯টি সরাসরি এবং ৯টি ‘রিপোর্টার’ বিশ্ববিদ্যালয় হিসেবে অন্তর্ভুক্ত। গাকৃবি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেছে।
গবেষণায় “সেন্টার অব এক্সিলেন্স” হিসেবে স্বীকৃত এই বিশ্ববিদ্যালয়টি এবারের র্যাঙ্কিংয়ে গবেষণার গুণগত মানে (রিসার্চ কোয়ালিটি) ৬৭ স্কোর অর্জন করেছে, যা তাদের গবেষণার গভীরতা ও প্রভাবকে প্রতিফলিত করে। শিক্ষা, গবেষণার পরিবেশ, গবেষণার মান, শিল্প-সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি—এই পাঁচটি সূচকে মূল্যায়নের ভিত্তিতে গাকৃবি মোট ১৭৪.৯ স্কোর পেয়েছে।
এ বছরের র্যাঙ্কিংয়ে এশিয়ার ৩৬টি দেশ ও অঞ্চলের মোট ৯২৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় টানা অষ্টমবারের মতো প্রথম স্থান ধরে রেখেছে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়।
ধারাবাহিকভাবে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে সাফল্য ধরে রাখা গাকৃবি ২০২৫ সালেও কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে ছিল। এছাড়া কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র্যাঙ্কিংস ২০২৬-এও দেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি।
র্যাঙ্কিংয়ে সন্তুষ্টি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ধারাবাহিক এই সাফল্য আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা এখন বৈশ্বিক তালিকায় ১০০-২০০-এর মধ্যে অবস্থান নিশ্চিত করতে কাজ করছি।”
তিনি আরও বলেন, কৃষি গবেষণা, উদ্ভাবন এবং খাদ্য নিরাপত্তায় সরকারের লক্ষ্য বাস্তবায়নে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.