কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
মায়ের ইচ্ছা পূরণ করতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন প্রবাসী মিলন মধু।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার নারকেল বাড়ী গ্রামের সতীশ মধুর ছেলে প্রবাসী মিলন মধু হেলিকপ্টারে চড়ে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মহিষমারি গ্রামে বিয়ে করতে যান। এর আগে দুপুরে নারকেলবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারটি অবতরণ করে। এ সময় আশপাশের এলাকার শত শত উৎসুক মানুষ হেলিকপ্টার দেখতে ভিড় করেন।
জানা যায়, বিয়ের কনে মহিষমারি গ্রামের পলাশ সরকারের মেয়ে কলেজছাত্রী প্রেরণা সরকার। পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হচ্ছে।
প্রবাসী মিলন মধু বলেন, তিনি দীর্ঘ ১৫ বছর ধরে জর্ডানে প্রবাস জীবন কাটাচ্ছেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট। “আমার মা ইচ্ছা প্রকাশ করেছিলেন আমি যেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করি। মায়ের সেই স্বপ্ন পূরণ করতেই আজ হেলিকপ্টারে চড়ে বিয়েতে যাচ্ছি,” বলেন তিনি।
বরের মা ললিতা মধু বলেন, “আমার ইচ্ছা পূরণে মিলন আজ হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাচ্ছে। এতে আমি খুবই আনন্দিত। আগামী রবিবার সে বৌমাকে নিয়ে আবার হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরবে।”
স্থানীয় সাবেক ইউপি সদস্য বিজয় মধু বলেন, “মিলন আমাদের আত্মীয়। তার মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে বিয়ে করা হচ্ছে, এটি আমাদের এলাকায় প্রথম ঘটনা। এতে আমরা খুবই আনন্দিত।”
এলাকাবাসীরা জানান, এলাকায় এই প্রথম হেলিকপ্টারে বিয়ের ঘটনা ঘটেছে। হেলিকপ্টার দেখতে ভিড় করেন স্থানীয়রা এবং পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.