নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে গাজীপুরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। এ সময় তিনি এসএসসি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় পরিচালিত বিভিন্ন প্রোগ্রামের সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে উপাচার্য বিভিন্ন পরীক্ষা কক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থী, কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
তিনি বলেন, “শুধু সনদ প্রদানই নয়, জ্ঞানভিত্তিক সমাজ গঠন এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
বাউবি পরিচালিত এসএসসি পরীক্ষা-২০২৬-এর প্রথম দিনে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা সারাদেশের ১৭০টি কেন্দ্রে একযোগে সকাল ও বিকেলে অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রীয় মনিটরিং টিম গঠন করা হয়েছে এবং আঞ্চলিক পর্যায়ে নিয়মিত মনিটরিং কার্যক্রম চালানো হচ্ছে।
এদিকে, রংপুর আঞ্চলিক কেন্দ্রের তথ্য অনুযায়ী, পায়রাবন্দ বেগম স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বাউবি কর্তৃপক্ষ তাদের কোর্স ফি ৬০ শতাংশ মওকুফ করায় তারা শিক্ষার মূলধারায় ফিরে আসার সুযোগ পাচ্ছেন।
এ বিষয়ে উপাচার্য বলেন, “শিক্ষা সবার মৌলিক অধিকার। লিঙ্গ পরিচয়ের কারণে কেউ যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেটি নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।”
একই দিনে বাউবির স্কুল অব ল’ পরিচালিত ৪ বছর মেয়াদি এলএল.বি (অনার্স) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১,৩৭৬ জন পরীক্ষার্থী অংশ নেন। এছাড়া সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিএ ও বিএসএস (অনার্স) ভর্তি পরীক্ষায় ১,০৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বাউবি কর্তৃপক্ষ জানিয়েছে, সকল পরীক্ষা কঠোর নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.