যশোর প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা, জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধির দায় এড়াতে বিএনপি পরিকল্পিতভাবে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
শুক্রবার বিকেলে যশোর বিডি হলে অনুষ্ঠিত ছাত্রশিবিরের ‘বাছাইকৃত কর্মী সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
তিনি আরও বলেন, “ক্ষমতা দখলের মানসিকতা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে।” এ পরিস্থিতিতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
ছাত্রশিবির সভাপতি দাবি করেন, সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে সংগঠনের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে এবং জুলাই আন্দোলনের শহীদ ওসমান হাদিকে নিয়ে আঁকা গ্রাফিতি মুছে সেখানে আপত্তিকর শব্দ লেখা হয়েছে। তিনি অভিযোগ করেন, এ বিষয়ে অভিযোগ জানিয়ে ফেরার পথে ছাত্রদলের নেতাকর্মীরা শিবির কর্মীদের ওপর হামলা চালায়, এতে শিক্ষকসহ কয়েকজন আহত হন। পরে প্রতিবাদ মিছিলে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আবারও হামলা চালানো হয়েছে বলেও তিনি দাবি করেন।
সমাবেশে তিনি ছাত্রদল ও বিএনপিকে এসব ঘটনার জন্য দায়ী করে বলেন, ক্যাম্পাসে অস্থিরতা তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে।
নূরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, সমাজের ন্যায়ভিত্তিক ও শোষণমুক্ত পরিবর্তনের জন্য ইসলামী আদর্শ অনুসরণের বিকল্প নেই। তিনি শিক্ষার্থী ও সাধারণ মানুষকে ন্যায় ও সত্যের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
যশোর জেলা পূর্ব শাখার সভাপতি এম মিনারুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু জাফরের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক হাফেজ ইসমাইল হোসেন।
এছাড়া বক্তব্য দেন যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, যশোর জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.