মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ, সার ও মৌ বাক্স বিতরণ করা হয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।
শুক্রবার (২৪ এপ্রিল) বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এই কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রী কৃষকদের মাঝে বিনামূল্যে মুগডালের বীজ, রাসায়নিক সার ও মৌ চাষের জন্য মৌ বাক্স বিতরণ করেন। একই মঞ্চে কুমিল্লার দাউদকান্দিতে সংঘটিত সড়ক দুর্ঘটনায় বিরামপুরের নিহত চারজনের পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।
উপজেলাকৃষি অফিস সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ২০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি মুগডালের বীজ, ৫ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়েছে। পাশাপাশি ৫ জন কৃষককে মৌ চাষে উৎসাহ দিতে মৌ বাক্স দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা।
বক্তারা বলেন, এ ধরনের সহায়তা কৃষি উৎপাদন বাড়াতে যেমন সহায়ক, তেমনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো সরকারের মানবিক উদ্যোগেরই অংশ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.