দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে দুষ্কৃতিকারীদের হামলা ও গুলির ঘটনায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় গ্রামে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন এলাকাবাসী।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অংশগ্রহণকারীরা বলেন, একদল মুখোশধারী দুষ্কৃতিকারী মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলামের ওপর সশস্ত্র হামলা চালিয়ে তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করলে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।
এ সময় হামলাকারীরা বন্দুক, পিস্তুল ও শর্টগান দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় এলাকার নিরাপরাধ ব্যক্তিদের আসামি করা হয়েছে। তারা অবিলম্বে ওই মামলা প্রত্যাহারের দাবি জানান।
এর আগে, গত ২০ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মরিচা ইউনিয়নের মাজদিয়াড় গ্রামে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলামের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে।
ঘটনার পরদিন ২১ এপ্রিল রবিউল ইসলামের ভাই বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মরিচা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হেলাল হোসেন, সদস্য মো. রাকিবুল (৩২), ইটভাটার শ্রমিক মো. স্বপন (৩৮) এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়।
তবে মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘটিত ওই হামলার ঘটনায় প্রকৃত অপরাধীদের আড়াল করে নিরপরাধ ব্যক্তিদের আসামি করা হয়েছে। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত মামলার সঠিক তদন্ত ও নিরপরাধদের অব্যাহতির দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.